শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রী মিলনের

বাংলা রিডার ডেস্ক

নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বাজেটে শিক্ষাখাতে জিডিপির অনুপাতে বরাদ্দ এখনো সন্তোষজনক নয়; অগ্রাধিকার নির্ধারণের মাধ্যমে বরাদ্দ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে হবে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক হলেও স্বাধীনতার ৫৪ বছর পরও শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পাওয়া হতাশাজনক। তিনি বলেন, “আমরা কী চাই, তা আগে নির্ধারণ করতে হবে। অগ্রাধিকার ঠিক না করলে বাজেট বণ্টনেও প্রত্যাশিত পরিবর্তন আসবে না।” পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষাবাজেট কম উল্লেখ করে তিনি নেপাল ও শ্রীলঙ্কার উদাহরণ দেন এবং শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি আরও বলেন, অতীতে শিক্ষা খাতকে যথাযথ প্রাধান্য না দেওয়ার ফলে জিডিপির অনুপাতে বরাদ্দ প্রায় দুই শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। এ হার পাঁচ থেকে ছয় শতাংশে উন্নীত করা প্রয়োজন বলে মত দেন তিনি।

পাঠ্যক্রম নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশে বিভিন্ন সময়ে কারিকুলাম পরিবর্তন হয়েছে এবং তা নিয়ে আলোচনা-সমালোচনাও হয়েছে। বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায়, সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করেই যেকোনো সিদ্ধান্ত নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নকল বন্ধ’ ও শিক্ষায় শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তার লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও আন্তর্জাতিক মানে উন্নীত করা। তিনি বলেন, দেশের নেতৃত্বে থাকা তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করলে দ্রুত দৃশ্যমান অগ্রগতি সম্ভব।

শিক্ষা ব্যবস্থাকে বর্তমান অবস্থা থেকে উন্নত পর্যায়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

Recommended For You