
বাংলা রিডার ডেস্ক
ইরানকে ঘিরে ওয়াশিংটনের কঠোর অবস্থানের মধ্যেই ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ভিড়েছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। ইরানের ওপর চাপ বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই এই মোতায়েন বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।
ইসরাইলি সংবাদমাধ্যম ইয়নেট জানায়, আকাবা উপসাগরের এই বন্দরে যুদ্ধজাহাজটির অবস্থান ছিল পূর্বপরিকল্পিত এবং এটি যুক্তরাষ্ট্র-ইসরাইল চলমান সামরিক সহযোগিতার অংশ।
তবে এমন এক সময়ে এই মোতায়েন হলো, যখন ইরানকে নিয়ে চাপ আরও জোরালো করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার হুঁশিয়ারি দিয়েছেন—ইরান পারমাণবিক চুক্তিতে রাজি না হলে কিংবা অভ্যন্তরীণ বিক্ষোভ দমনে সহিংসতা বন্ধ না করলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।
মার্কিন নৌবাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যে ছয়টি ডেস্ট্রয়ার, একটি বিমানবাহী রণতরী ও তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এদিকে তেহরানও যুক্তরাষ্ট্রের হুমকির কড়া জবাব দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেন, ইরানি জাতি এসব হুমকিতে ভয় পায় না। আমরা আগ্রাসন শুরু করি না, তবে কেউ আক্রমণ করলে শক্ত জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধ শুরু করে, তা সীমিত থাকবে না; এটি আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে।
রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ করছে। তবে তেহরানের এই অবস্থানের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়ছে।



