
বাংলা রিডার ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাত ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, সবার অংশগ্রহণে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই তাদের লক্ষ্য। সে উদ্দেশ্যেই স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১ শতাংশ ভোটারের সমর্থন শর্ত শিথিল করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) নির্বাচন ভবনে টানা নয় দিনের আপিল শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সিইসি বলেন, অনেকে হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের শর্ত কীভাবে শিথিল করেছি, তা আপনারাই দেখেছেন। কারণ আমরা চাই নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক। তবে প্রার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমি আমার এবং আমার টিমের পক্ষ থেকে আশ্বস্ত করছি—কোনো পক্ষপাত করে আমরা কোনো সিদ্ধান্ত দিইনি। গভীর চিন্তাভাবনা ও মহান আল্লাহর ওপর ভরসা রেখে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছি।
শুনানিতে প্রার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে নাসির উদ্দিন বলেন, প্রার্থীদের প্রশ্ন ও জবাবের ধরন দেখে আমি অভিভূত। আমাদের আলেম-ওলামারা একে ‘বাহাস’ বলেন। এই ধৈর্যশীল আচরণের জন্য ইসির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই।
তিনি বলেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনারা ধৈর্য ধরে বসে ছিলেন, অনেকেই আগেভাগেই উপস্থিত হয়েছেন। এই সহযোগিতার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ।
এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, যেসব ঋণ খেলাপিকে ছাড় দেওয়া হয়েছে, তা কিছুটা কষ্ট নিয়েই করা হয়েছে। তবে আইন যেহেতু তাদের অনুমতি দিয়েছে, তাই তাদের প্রার্থিতা বৈধ করতে কমিশন বাধ্য হয়েছে।



