বাংলাদেশ ভালো রাখতে খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে: আসিফ নজরুল

বাংলা রিডার ডেস্ক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক সমাজ’-এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক শোকসভায় তিনি এ কথা বলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে এ শোকসভার আয়োজন করা হয়।

আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালে তার জন্য আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশ নিতেন। সে সময় তিনি প্রায়ই বলতেন, বেগম জিয়া ভালো থাকলে বাংলাদেশও ভালো থাকবে। তিনি বলেন, বিশ্বাস করেন, খালেদা জিয়া এখন ভালো আছেন। তবে প্রশ্ন হলো—বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? বাংলাদেশকে ভালো রাখতে হলে বেগম জিয়ার আদর্শ ও মূল্যবোধ ধারণ করতে হবে।

খালেদা জিয়ার ব্যক্তিত্ব তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, তার মধ্যে অনেক অসাধারণ গুণ ছিল। তিনি ছিলেন সৎ, দৃঢ়প্রতিজ্ঞ, আত্মত্যাগী ও দেশপ্রেমিক। তার রুচিবোধ ছিল অনন্য, তিনি ছিলেন পরমতসহিষ্ণু। এসব গুণই আজকের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন।

জুলাই গণঅভ্যুত্থানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, আল্লাহর কাছে হাজার শোকর যে আজ মুক্তভাবে বেগম জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা যাচ্ছে। আজ দেশের মানুষ স্বাধীনভাবে ভালোবাসা যেমন প্রকাশ করতে পারছে, তেমনি ঘৃণাও প্রকাশ করতে পারছে।

তিনি আরও বলেন, এ দেশের ইতিহাসে একজন নেত্রী মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন, আর আরেকজনের স্থান হয়েছে বিতাড়িত ভূমিতে।

শোকসভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে. আর. মোদাচ্ছির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফ কায়সার ও কাজী জেসিন। এতে দেশের বিশিষ্ট নাগরিক, গবেষক, চিকিৎসক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You