
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৪ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সংশ্লিষ্ট ৭৫টি দেশের কনস্যুলার অফিসে নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, ভিসা যাচাই-বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এসব দেশের নাগরিকদের ভিসা আবেদন আপাতত প্রত্যাখ্যান করতে হবে। আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
ফক্স নিউজ জানায়, প্রাথমিকভাবে কয়েকটি দেশের নাম প্রকাশ করা হলেও পরবর্তীতে তালিকায় বাংলাদেশের নাম যুক্ত করা হয়।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট বলেন, “ভিসা প্রদানের প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হচ্ছে। এই সময়ে ৭৫টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। মূল লক্ষ্য হলো—যেসব বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রের সরকারি ত্রাণ ও সুযোগ-সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাদের প্রবেশ নিয়ন্ত্রণ করা।”
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রবাসীরাই যুক্তরাষ্ট্রের সরকারি সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি গ্রহণ করে থাকেন।
ভিসা স্থগিত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, পাকিস্তান, ইরান, ইরাক, রাশিয়া, ব্রাজিল, থাইল্যান্ডসহ আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার মোট ৭৫টি দেশ।
সূত্র: ফক্স নিউজ


