
বাংলা রিডার ডেস্ক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষাব্যবস্থার প্রধান উদ্দেশ্য শুধু চাকরির উপযোগী জনবল তৈরি করা নয়; বরং সৃজনশীল, স্বাধীনচেতা ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। মানুষ জন্মগতভাবেই সৃজনশীল হলেও প্রচলিত শিক্ষাপদ্ধতি অনেক সময় সেই স্বাভাবিক সৃজনশীলতাকে দমন করে কেবল চাকরির প্রস্তুতির মধ্যেই শিক্ষাকে সীমাবদ্ধ করে রাখে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত ‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, শিক্ষা যদি শুধু চাকরি পাওয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হয়, তবে তার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মানুষের ভেতরের সৃজনশীল শক্তিকে জাগ্রত করা এবং তাকে স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা দেওয়া।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী হিসেবে গড়ে তুললে চলবে না; বরং তাদের চাকরি সৃষ্টিকারী হিসেবে তৈরি করতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনাশক্তি এবং নতুন কিছু করার সাহস শিক্ষাব্যবস্থার মধ্য দিয়েই বিকশিত হওয়া জরুরি।
দক্ষিণ এশিয়ার সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই অঞ্চল সম্ভাবনাময় হলেও রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে সেই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যায় না। শিক্ষা হতে পারে এমন একটি শক্তি, যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করবে।
উল্লেখ্য, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।



