কলম্বিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ইঙ্গিত ট্রাম্পের, মন্তব্যে কিউবাও

বাংলা রিডার ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতি প্রকাশ্যে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে কিউবার সরকার শিগগিরই পতনের মুখে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (৪ ডিসেম্বর) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন। বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া একজন “অসুস্থ মানুষের” দ্বারা পরিচালিত হচ্ছে—এমন মন্তব্য করেন তিনি। এ সময় ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অভিযোগও তোলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ভেনেজুয়েলা খুবই অসুস্থ। কলম্বিয়াও অসুস্থ—একজন অসুস্থ মানুষের দ্বারা পরিচালিত, যে কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করে। আর সে খুব বেশি দিন এটা করতে পারবে না।”

এরপর এক সাংবাদিক জানতে চান, এর অর্থ কি কলম্বিয়ার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র সামরিক অভিযান চালাতে পারে? জবাবে ট্রাম্প বলেন, “আমার কাছে এটা ভালোই শোনাচ্ছে।”

কিউবা প্রসঙ্গে ট্রাম্প বলেন, দেশটিতে সামরিক হস্তক্ষেপ নাও লাগতে পারে, কারণ কিউবা নিজস্ব দুর্বলতার কারণেই ভেঙে পড়তে পারে। তাঁর ভাষায়, “কিউবা এখন পতনের জন্য প্রস্তুত। দেশটির আর কোনো আয় নেই। তারা ভেনেজুয়েলার তেল থেকে আয় করত, সেটাও এখন পাচ্ছে না। কিউবা কার্যত ভেঙে পড়ার পথে।”

এ সময় ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত অনেক কিউবান–আমেরিকান এই পরিস্থিতিতে খুশি হবেন।

বিজ্ঞাপন

Recommended For You