
বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে (এমডিসি) নেওয়া হয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্র সময় শনিবার ভোরে তাকে একটি সামরিক ঘাঁটিতে নেওয়া হয়। সেখান থেকে নিউইয়র্কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা (ডিইএ)-র কার্যালয়ে হাজির করার পর তাকে ব্রুকলিন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়। মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার ও অস্ত্র চোরাচালানের অভিযোগে মামলা করা হয়েছে। তবে তিনি বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
আদালত সূত্র জানিয়েছে, মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হবে। তবে আদালতে তোলার নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে সংশ্লিষ্ট মামলার শুনানি না হওয়া পর্যন্ত তাকে এমডিসিতেই রাখা হবে বলে জানা গেছে। মাদুরোর স্ত্রীর বর্তমান অবস্থান সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
নিউইয়র্ক সিটির একমাত্র ফেডারেল কারাগার এমডিসি অতীতে ঘিসলেইন ম্যাক্সওয়েল ও পি ডিডির মতো হাই-প্রোফাইল বন্দিদের রাখার কারণে আলোচনায় এসেছে। কারাগারটি নোংরা পরিবেশ, সহিংসতা এবং কর্তৃপক্ষের অবহেলার অভিযোগসহ নানা কারণে সমালোচিত। বন্দিদের প্রতি অমানবিক আচরণের অভিযোগও মাঝেমধ্যে সংবাদ শিরোনাম হয়।
সূত্র: বিবিসি।


