লাখো মানুষের উপস্থিতিতে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত

বাংলা রিডার ডেস্ক

দেশ-বিদেশ থেকে আসা লাখো মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, দেশি-বিদেশি রাজনীতিক ও কূটনীতিকসহ বিপুলসংখ্যক মানুষ। উপস্থিতির পরিমাণ বিবেচনায় এটিকে দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা বলে মনে করা হচ্ছে।

জাতীয় সংসদ ভবনের মাঠ, মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, আগারগাঁও, পুরাতন বাণিজ্য মেলার মাঠ, আসাদগেট, আড়ং মোড়, মিরপুর রোড, সোবহানবাগ, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় মানুষের ঢল নামে। রাস্তায় জায়গা না পেয়ে অনেককে ভবনের ছাদ থেকেও জানাজার নামাজ আদায় করতে দেখা যায়। জনসমাগমের কারণে উড়ালসড়কসহ আশপাশের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

বিকেল পৌনে ৩টার দিকে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য দেন। তিনি বলেন, খালেদা জিয়া সবসময় বলতেন—বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। তিনি জনগণের কল্যাণে যুগান্তকারী নানা কর্মসূচি গ্রহণ করেছিলেন, যার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ‘ইমার্জিং টাইগার’ হিসেবে পরিচিতি পায়।

সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, খালেদা জিয়া জীবিত অবস্থায় কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে তা পরিশোধের জন্য তার সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানান। একই সঙ্গে তার কোনো আচরণ বা কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি মরহুমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

Recommended For You