আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুসংবাদ

বাংলা রিডার ডেস্ক
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুসংবাদকে ‘ব্রেকিং নিউজ’ হিসেবে প্রচার করেছে আল জাজিরা, বিবিসি, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), এনডিটিভি ও দ্য টাইমস অব ইন্ডিয়ার মতো প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম।

কাতারভিত্তিক আল জাজিরা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন এবং অসুস্থতার সঙ্গে লড়াই করেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের অবসান ঘটেছে। প্রতিবেদনে তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, সেনাশাসনবিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকা এবং দীর্ঘ সংগ্রামের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন—এ তথ্য তাঁর দল বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু ও এনডিটিভি প্রতিবেদনে জানায়, তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় শূন্যতা সৃষ্টি হয়েছে। তারা উল্লেখ করে, গত নভেম্বরে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থা গুরুতর ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনকে ‘সংঘাতপূর্ণ’, ‘নাটকীয়’ ও ‘সংগ্রামময়’ হিসেবে বর্ণনা করেছে এবং তাঁকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন

Recommended For You