
বাংলা রিডার ডেস্ক
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি এক মহান অভিভাবককে হারাল। তাঁর মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তাঁর দীর্ঘ সংগ্রাম, অবদান এবং জনগণের সঙ্গে গভীর সংযোগের স্বীকৃতি হিসেবে চলতি মাসে সরকার তাঁকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে।
তিনি আরও বলেন, গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্তি পেয়েছে এবং নতুন করে অনুপ্রেরণা অর্জন করেছে।
রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও দেশের কল্যাণে তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলা, গণমুখী নেতৃত্ব ও দৃঢ় মনোবল সবসময় দিকনির্দেশনা দিয়েছে বলে উল্লেখ করেন প্রফেসর ইউনূস। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনীতিককে হারাল।
শোকবার্তায় প্রধান উপদেষ্টা স্মরণ করেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেন। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে রাজনীতিতে সক্রিয় হয়ে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচি দেশকে এগিয়ে নিয়েছে। মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করা নারী শিক্ষার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক।
প্রধান উপদেষ্টা জানান, রাজনৈতিক জীবনে তিনি অত্যন্ত সফল ছিলেন এবং একাধিক সংসদীয় আসনে নির্বাচনে বিজয়ী হন। ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে দেশের অর্থনীতির ভিত্তি সুদৃঢ় করেন।
শোকবার্তায় তিনি আরও বলেন, রাজনৈতিক সাফল্যের কারণেই বেগম খালেদা জিয়া চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন এবং মিথ্যা মামলায় দীর্ঘ কারাবাসে নিপতিত হন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দলের নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সময়ে দেশবাসীকে শান্ত ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করার অনুরোধ করেন।



