আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ (সোমবার)। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হবে না।

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর থেকে গতকাল রোববার দুপুর আড়াইটা পর্যন্ত মোট ২ হাজার ৭৮০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এর আগে, গত ১৮ ডিসেম্বর তফসিল-সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি। এতে মনোনয়নপত্র বাছাই সংক্রান্ত বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হয় এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।

সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা ৩০ ডিসেম্বর থেকে আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

Recommended For You