কয়েক লাখ মানুষের অংশগ্রহণে শহীদ হাদির স্মরণকালের বৃহত্তম জানাজা

বাংলা রিডার ডেস্ক
কয়েক লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবন এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় অংশ নেওয়া মানুষের ভাষ্য, এটি স্মরণকালের সবচেয়ে বড় জানাজাগুলোর একটি।

ধানমন্ডির বাসিন্দা ৬৫ বছর বয়সী ছিদ্দিকুর রহমান বলেন, “জীবনে অনেক জানাজায় অংশ নিয়েছি, কিন্তু এত বিশাল জানাজা কখনো দেখিনি। শহীদ হাদি এখন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীকে পরিণত হয়েছেন। তাই এত মানুষের সমাগম।”

শনিবার সকাল থেকেই হাজার হাজার মানুষের মিছিল মানিক মিয়া অ্যাভিনিউয়ের দিকে এগোতে থাকে। দুপুর ১টার মধ্যেই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ কানায় কানায় ভরে যায়। মানুষের ঢল মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে ফার্মগেটের খামারবাড়ি ও আসাদগেট পর্যন্ত ছড়িয়ে পড়ে। উত্তর দিকে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র এলাকাতেও মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার বড় ভাই ইমামতি করেন।

মিরপুর-১ থেকে আসা মাসুদ রানা বলেন, “৪২ বছরের জীবনে এত বড় জানাজা দেখিনি। আমার ধারণা, ৭ থেকে ৮ লাখ মানুষ এতে অংশ নিয়েছেন।”
মোহাম্মদপুরের বাসিন্দা আকিব হাসান বলেন, “কত লাখ মানুষ হয়েছে বলা কঠিন, তবে এত মানুষের ভিড় জীবনে দেখিনি।”
সেগুনবাগিচার সালাউদ্দিনের ধারণা, জানাজায় ৬ থেকে ৭ লাখ মানুষের উপস্থিতি ছিল।

জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। জানাজার আগে শহীদ ওসমান হাদির ভাইয়ের বক্তব্যের সময় উপস্থিত লাখো মানুষ আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলে আসা এক সন্ত্রাসীর গুলিতে মাথায় আহত হন ওসমান হাদি। ঘটনার ছয় দিন পর বৃহস্পতিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তার মরদেহ সিঙ্গাপুর থেকে দেশে আনা হয়।

ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’ গড়ে তোলেন এবং ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণাও দিয়েছিলেন।

বিজ্ঞাপন

Recommended For You