‘আমাদের শির কখনো নত হবে না—এই মন্ত্র তুমি দিয়ে গেছো’

বাংলা রিডার ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, “প্রিয় ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় জানাতে আসিনি। তুমি যে মন্ত্র আমাদের দিয়ে গেছো, তা বুকে ধারণ করতে এসেছি। আমাদের শির কখনো নত হবে না—এই শিক্ষাই তুমি আমাদের দিয়ে গেছো।”

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা আরও বলেন, “ওসমান হাদি, তুমি হারিয়ে যাবে না। যুগ যুগ ধরে তুমি আমাদের স্মৃতিতে বেঁচে থাকবে। তোমার আদর্শ স্মরণ করেই জাতির অগ্রগতির পথে আমরা এগিয়ে যাবো।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনী প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আহত হন ওসমান হাদি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়।

তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার (১৫ ডিসেম্বর) তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

Recommended For You