
বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নিয়োগ অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।
রাষ্ট্রদূত হিসেবে সিনেটের অনুমোদনের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেটের অনুমোদন পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন এবং এ জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্যমতে, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। এর আগে ঢাকায় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালনের অভিজ্ঞতাও রয়েছে তার। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ঢাকায় রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ঢাকায় সর্বশেষ মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে দায়িত্বে ছিলেন।


