
বাংলা রিডার ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শাহবাগে ছাত্র-জনতার বিক্ষোভে এই আহ্বান জানানো হয়। এ সময় “ভারতীয় পণ্য বয়কট, বয়কট”সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন স্থান থেকে ছাত্র-জনতা শাহবাগে জড়ো হতে থাকেন। কেউ মিছিল নিয়ে, আবার কেউ স্বতঃস্ফূর্তভাবে সেখানে উপস্থিত হন। হাতে পতাকা ও মুখে স্লোগান নিয়ে বিক্ষোভকারীরা ‘ফ্যাসিবাদের কালো হাত ভেঙে দাও’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো’, ‘এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার’সহ নানা প্রতিবাদী স্লোগান দেন।
এদিকে শহীদ হাদির মৃত্যুর ঘটনায় শুক্রবার শাহবাগের ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে বাদ জুমা বিক্ষোভের ডাক দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), ইসলামি ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে রাজধানীজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর সংবাদ প্রকাশ পেলে ছাত্র-জনতা বিক্ষোভে ফেটে পড়ে।
জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে গুরুতর আহত হন। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকায় এবং পরবর্তীতে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এই মৃত্যুকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় উত্তাল ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে।



