যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় ক্রীড়া তারকাসহ নিহত ৭

বাংলা রিডার ডেস্ক

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের স্টেটসভিল শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দেশটির ক্রীড়া তারকা গ্রেগ বিফেলসহ সাতজন নিহত হয়েছেন। নিহত সবাই বিফেলের পরিবারের সদস্য বলে ধারণা করছে পুলিশ।

আন্তর্জাতিক উড়োজাহাজ ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাকবলিত বিমানটি ছিল একটি সেসনা ৫৫০ বিজনেস জেট। বিমানটি গ্রেগ বিফেলের নামে নিবন্ধিত ছিল এবং তিনিই এর মালিক ছিলেন।

বৃহস্পতিবার সকালে গ্রেগ বিফেল পরিবারের সদস্যদের নিয়ে নর্থ ক্যারোলাইনার একটি বিমানবন্দর থেকে ফ্লোরিডার উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই খারাপ আবহাওয়ার কারণে স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে স্টেটসভিল বিমানবন্দরের রানওয়েতে বিমানটি বিধ্বস্ত হয়।

নর্থ ক্যারোলাইনা হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, রানওয়েতে আছড়ে পড়ার পর বিমানটির জ্বালানি ট্যাংকে বিস্ফোরণ ঘটে এবং এতে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত উদ্ধারকাজ শুরু করা সম্ভব হয়নি।

পরে পুড়ে যাওয়া বিমানের ভেতর থেকে গ্রেগ বিফেলসহ সাতজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

৫৫ বছর বয়সী গ্রেগ বিফেল যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় মোটরগাড়ি রেসার ছিলেন। প্রায় ২০ বছরের পেশাদার ক্যারিয়ারে তিনি জাতীয় ও অঙ্গরাজ্য পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে মোট ১৯ বার চ্যাম্পিয়ন হন। ২০২২ সালে তিনি রেসিং থেকে অবসর নেন।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং (নাসকার) প্রণীত যুক্তরাষ্ট্রের সর্বকালের সেরা ৭৫ জন রেসারের তালিকায়ও গ্রেগ বিফেলের নাম রয়েছে।

দুর্ঘটনার পর স্টেটসভিল বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

Recommended For You