বিশ্ব গণমাধ্যমে ওসমান হাদির মৃত্যুর খবর

বাংলা রিডার ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। তার মৃত্যুর পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে ছড়িয়ে পড়া সহিংস পরিস্থিতির দিকেও আলোকপাত করেছে বিশ্ব মিডিয়া।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছিল।

সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তার আঘাতজনিত জটিলতায় মৃত্যু হয়।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুবনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন শহরে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সামনে জাতীয় নির্বাচন থাকায় পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল হাদির।

প্রতিবেদনে আরও বলা হয়, ৩২ বছর বয়সী শরিফ ওসমান হাদি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের সক্রিয় সংগঠক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনে নেতৃত্ব দেওয়া আন্দোলনের নেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, গত সপ্তাহে ঢাকায় নির্বাচনী প্রচারণা শুরুর সময় মুখোশধারী হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর ঘোষিত প্রথম জাতীয় নির্বাচনের তফসিলের একদিন পরই এই হামলার ঘটনা ঘটে। ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছিলেন শরিফ ওসমান হাদি।

বিজ্ঞাপন

Recommended For You