
বাংলা রিডার ডেস্ক
রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির জন্য অত্যন্ত দুঃখজনক।
আহত হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিশেষ দিকনির্দেশনাও প্রদান করেছেন।
একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও বিস্তৃত তদন্ত চালিয়ে হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেন। তিনি ঘটনাস্থলের আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচন করার নির্দেশও দিয়েছেন।
প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে প্রচেষ্টারত কোনো সহিংস প্রবণতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দোষী যেই হোক, আইনের কাঠগড়ায় আনা হবে।
তিনি দেশের সব রাজনৈতিক দল, কর্মী-সমর্থক এবং সাধারণ নাগরিকদের শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।
উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগর কালভার্ট এলাকায় অস্ত্রধারীরা শরিফ ওসমান বিন হাদীকে গুলি করে। তার অবস্থা সংকটাপন্ন, এবং তিনি কোমায় আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।



