চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বাংলা রিডার ডেস্ক

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকা বিলিকারকদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অর্ধশতাধিক বিলিকারকের হাতে কম্বল তুলে দেওয়া হয়। শীতের কষ্টে থাকা এসব কর্মীদের মুখে স্বস্তি আনতেই এ মানবিক উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। তিনি বলেন, “পত্রিকা বিলিকারকরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ। দিনের প্রথম আলো ফুটার আগেই তারা মানুষের হাতে সংবাদ পৌঁছে দেন—এটাই তাদের নিবেদন।” তিনি আরও জানান, সাংবাদিক ও প্রশাসন একসঙ্গে কাজ করলে সমাজ আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে।

ডিসি নাজমুল ইসলাম বলেন, সামনের নির্বাচনে গণভোট ও প্রতিনিধিত্বমূলক ভোটে সবার অংশগ্রহণ জরুরি। চাঁদপুরের সমস্যা সমাধানে সাংবাদিকদের মতামত তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। সমাজ পরিবর্তন করতে মাঝে মাঝে ‘সতর্ক বার্তা’ দেওয়ার প্রয়োজন পড়ে—এমন মন্তব্য করে তিনি জানান, চাঁদপুরে তিনি কিছু পাওয়ার জন্য নয়, বরং কিছু করার লক্ষ্য নিয়েই কাজ করছেন।

তিনি প্রেসক্লাবের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। সাংবাদিকদের সঙ্গে একসঙ্গে কাজ করে চাঁদপুরকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। প্রেসক্লাবের সিনিয়র ও নবীন নেতৃবৃন্দ উপস্থিত থেকে কম্বল বিতরণ কার্যক্রমে অংশ নেন। কম্বল পাওয়া উপকারভোগীরা প্রেসক্লাবসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক জালাল চৌধুরী, শরীফ চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, আল ইমরান শোভনসহ বর্তমান কমিটির বিভিন্ন দায়িত্বশীল সদস্য।

বিজ্ঞাপন

Recommended For You