জুনের মধ্যেই ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সেনা সদস্যরা

বাংলা রিডার ডেস্ক
২০২৪ সালের জুলাইয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নামানো হয়েছিল প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের। অন্তর্বর্তী সরকারের পুরো সময়জুড়েই তারা দায়িত্ব পালন করে আসছিলেন।
তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দুই বছর পর এবার মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী জুন মাসের মধ্যেই ধাপে ধাপে সব সদস্য নিজ নিজ ব্যারাকে ফিরে যাবেন।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। দূরবর্তী জেলা থেকে প্রথমে প্রত্যাহার হবে, পরবর্তীকালে ধাপে ধাপে বিভাগীয় শহর এবং বড় জেলা থেকে তুলে আনা হবে। জুন মাসের মধ্যেই সেনাবাহিনীর সব সদস্যকে মাঠপর্যায় থেকে সরিয়ে নেওয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার (৫ মে) কোর কমিটি প্রথম সভায় বসে। আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন ও প্রয়োজনীয় কর্মপদ্ধতি নির্ধারণের জন্য গত ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে এ কমিটি পুনর্গঠন করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টার এই সভায় মাঠ থেকে চূড়ান্তভাবে সেনাবাহিনী প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সারা দেশের চাঁদাবাজি, পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে পরিস্থিতি সহিংস হয়ে উঠলে ২০২৪ সালের ১৯ জুলাই কারফিউ জারি করে সেনাবাহিনী নামিয়েছিল স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। প্রবল আন্দোলনে ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পুলিশ বাহিনী ভেঙে পড়ায় সেনাবাহিনী মাঠেই থেকে যায়। অন্তর্বর্তী সরকার ওই বছরের ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতাও দেওয়া হয়।

বিজ্ঞাপন

Recommended For You