
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের দাসাদী গ্রামে সরকারি ভিপি সম্পত্তিতে অবৈধভাবে পাক দালান উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলার ভূমিকর্মকর্তার প্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও ভবন নির্মাণ কাজ থেমে নেই। লোকবল বাড়িয়ে আরো জোরে চলছে কাজ।
যানাযায় চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মধ্য দাসাদী ডিলারের বাড়ির মোড় সংলগ্ন জনৈক শামসুল হক জমাদারের ছেলে প্রভাবশালী খোকন জমাদার সরকারি ভিপি সম্পত্তিতে পাকা ঘর নির্মাণ শুরু করে।
স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে গত ১১ মে চাঁদপুর সদর এসিল্যান্ড তার লোক পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। ঘটনাস্থলে লাল কাপড় টানিয়ে যান। সেই সাথে তাদের বৈধ কাগজপত্র নিয়ে ভূমি কর্মকর্তার সাথে সাক্ষাতের কথা বলে আসেন।
কিন্তু প্রভাবশালী খোকন জমাদার এসবের কর্ণপাত না করে নির্মাণ কাজ চালিয়ে যান।
গতকাল মঙ্গলবার দুপুরে একদল সংবাদকর্মী ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণ কাজ চলমান রাখার সত্যতা খুঁজে পান। ভবন নির্মাণের বিশাল কর্মযজ্ঞ চলছে। ইতোমধ্যে নিচের বেশ ঢালাই সম্পন্ন হয়ে গেছে। তবে ভিপি সম্পত্তিতে পাকা ভবন নির্মাণের বিষয়ে তারা সঠিক তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।
সাংবাদিকদের দেখে স্থানীয় লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রভাবশালী খোকন জমাদার আইন কানুনের তোয়াক্কা না করেই সরকারি ভূমিতে পাকা ভবন নির্মাণ করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
এ বিষয়ে চাঁদপুর সদর এসিলেন্ড এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পাওয়ার পর তাদেরকে কাজ বন্ধ রেখে কাগজপত্র নিয়ে অফিসে আসার নির্দেশ দিয়েছি।


