
বাংলা রিডার ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সামগ্রিক প্রস্তুতি জানাতে আজ বুধবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনের (ইসি) সদস্যরা। একই দিন বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সিইসির ভাষণ রেকর্ড করা হবে, যেখানে ভোটের তফসিল ঘোষণা করা হবে।
দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ইসির সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং তফসিল ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। তিনি বলেন, বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসির ভাষণ রেকর্ড হবে, যেখানে থাকবে নির্বাচনের তফসিল।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের পর বুধবার সন্ধ্যায় বা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তফসিল ঘোষণা হতে পারে।
ব্যালটে থাকছে না নৌকা প্রতীক
জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের নিবন্ধন স্থগিত রেখেছে কমিশন। ফলে এবারের নির্বাচনে ব্যালটে থাকছে না নৌকা প্রতীক। নিবন্ধন স্থগিত থাকা কোনো দলই নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নিতে পারে না বলে জানান কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
প্রবাসীদের জন্য প্রথমবার পোস্টাল ব্যালট
এবারই প্রথম প্রবাসীরা আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। একইভাবে দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও বন্দীদের জন্যও থাকবে পোস্টাল ব্যালটের সুযোগ।
এছাড়া জোট করলেও অন্য দলের প্রতীকে ভোটে অংশ নেওয়ার সুযোগ থাকছে না।
সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী নিবন্ধিত ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন—এর মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন।
দেশব্যাপী ভোটকেন্দ্র ৪২ হাজার ৭৬১টি এবং ভোটকক্ষ ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি। তবে একই দিনে দুই ধরনের ভোট হওয়ায় গোপন কক্ষ বৃদ্ধি পেতে পারে। ভোটগ্রহণ চলবে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।
অর্ধশতাধিক দল নির্বাচনে
বিএনপি, জামায়াত, এনসিপিসহ নিবন্ধিত প্রায় ৫৬টি দল নির্বাচনে অংশ নিতে পারবে। আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকলেও জাতীয় পার্টির বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ইসি সচিব আখতার আহমেদ জানান, যেসব দলের নিবন্ধন রয়েছে, তাদের ভোটে অংশ নিতে কোনো বাধা নেই; তালিকায় আরও দল যুক্ত হওয়ার সম্ভাবনাও আছে।
আচরণবিধি ও তদারকি
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে সব আগাম প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে, নচেৎ আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তফসিল ঘোষণার পরই মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এবং গঠন করা হবে নির্বাচনি অনুসন্ধান কমিটি।



