
বাংলা রিডার ডেস্ক
জাপানের অওমোরি অঞ্চলে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন লাগে। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় পরে তা তুলে নেওয়া হয়।
স্থানীয় সময় সোমবার গভীর রাতে সংঘটিত এ ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আতঙ্কে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।
অওমোরি প্রশাসন জানায়, ভূমিকম্পের কারণে প্রায় ২ হাজার ৭০০ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্র ছিল উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে এবং এর উৎপত্তিস্থল ভূগর্ভের ৫০ কিলোমিটার গভীরে।
জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, পুনরায় বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে। তিনি ঘরের আসবাবপত্র নিরাপদ স্থানে রাখার এবং প্রয়োজনে দ্রুত সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন। বিশেষজ্ঞরাও জানিয়েছেন, আগামী এক সপ্তাহ শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে।
সূত্র: বিবিসি


