শিথিল হচ্ছে আচরণবিধি, প্রার্থীদের প্রচারে মিলবে বাড়তি সুবিধা

বাংলা রিডার ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার সুবিধা বাড়াতে আচরণবিধি শিথিল করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মাইক ব্যবহার ও ডিজিটাল ডিসপ্লে বোর্ডের সংখ্যায় যে সীমাবদ্ধতা ছিল, তা শিথিল করে নতুন প্রস্তাব গত সপ্তাহে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। প্রস্তাব অনুমোদন হলে জনসভা ও সাধারণ প্রচারের সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়বে।

ইসির দায়িত্বশীল সূত্র জানায়, রাজনৈতিক দলগুলোর দাবি এবং মাঠপর্যায়ের বাস্তবতা বিবেচনায় পরিবর্তনগুলো আনা হচ্ছে।

আগের বিধান অনুযায়ী একটি সংসদীয় আসনে দৈনিক সর্বোচ্চ তিনটি মাইক ব্যবহারের অনুমতি ছিল। নতুন প্রস্তাবে বলা হয়েছে—যেদিন প্রার্থী বা দল জনসভা করবে, সেদিন মোট ছয়টি মাইক ব্যবহার করা যাবে। এর মধ্যে তিনটি মাইক জনসভায় এবং বাকি তিনটি মাইক নির্বাচনী এলাকার যেকোনো স্থানে প্রচারের জন্য ব্যবহার করা হবে। তবে জনসভাস্থলে তিনটির বেশি মাইক ব্যবহৃত হলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে এবং শাস্তির বিধান প্রযোজ্য হবে।

ইসির সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা জানান, ডিজিটাল ডিসপ্লে বোর্ডের সংখ্যাগত সীমাবদ্ধতাতেও পরিবর্তন আনা হচ্ছে। আগে একটি সংসদীয় আসনে সর্বোচ্চ ২০টি বোর্ডের অনুমতি থাকায় বহু ইউনিয়ন বা পৌরসভা-সমৃদ্ধ আসনগুলোতে সমতা রক্ষা সম্ভব হচ্ছিল না। নতুন প্রস্তাবে বলা হয়েছে—একটি নির্বাচনী আসনের অধীন প্রতিটি ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় একটি করে ডিজিটাল ডিসপ্লে স্থাপনের অনুমতি থাকবে। আর সিটি করপোরেশন এলাকায় হলে প্রতিটি ওয়ার্ডে একটি করে ডিসপ্লে বা ডিজিটাল ব্যানার বসানো যাবে।

ইসি আশা করছে, সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আইন মন্ত্রণালয় এসব সংশোধনী অনুমোদন করবে। কমিশনের এক উপসচিব জানান, প্রচারসংক্রান্ত আচরণবিধিতে যে অসামঞ্জস্য ছিল, তা দূর করতেই স্থানীয় বাস্তবতার আলোকে এ প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই এটি কার্যকর হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

Recommended For You