ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে প্রাণহানি ৯০০ ছুঁয়েছে

বাংলা রিডার ডেস্ক

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৯০০–রও বেশি হয়েছে। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানায়, এখন পর্যন্ত মোট ৯১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২৭৪ জন।

রয়টার্সের প্রতিবেদনে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকারের তথ্য উদ্ধৃত করে বলা হয়, সুমাত্রা ও আচেহ প্রদেশের বিভিন্ন গ্রাম, শহর এবং উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আচেহ প্রদেশের তামিয়াং জেলার বাসিন্দারা জানান, বিরূপ আবহাওয়া ও অবকাঠামোগত ক্ষতির কারণে সেখানে খাবার, বিশুদ্ধ পানি এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে প্রত্যন্ত এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়ায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

তামিয়াংয়ের একটি ইসলামি আবাসিক স্কুলের ১৪ বছর বয়সী শিক্ষার্থী দিমাস ফিরমানসিয়াহ জানান, তিনি ও তাঁর সহপাঠীরা প্রায় এক সপ্তাহ ধরে স্কুলের হোস্টেলে আটকা রয়েছেন। পানির অভাবে তারা বাধ্য হয়ে বন্যার পানি ফুটিয়ে পান করছেন।

এলাকার আরও অনেক বাসিন্দা বলেন, সরকারি ত্রাণকেন্দ্র থেকে খাবার ও পানি সংগ্রহ করতে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে, তাও অত্যন্ত কষ্টসহকারে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো কয়েক দিন আগে দাবি করেছিলেন যে পরিস্থিতির উন্নতি হচ্ছে এবং সরকার যথাযথ প্রস্তুতি নিয়ে কাজ করছে। তবে সুমাত্রা ও আচেহের স্থানীয় প্রশাসন তার সঙ্গে একমত হয়নি। তারা কেন্দ্রীয় সরকারের কাছে দ্রুত জরুরি অবস্থা ঘোষণার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স

বিজ্ঞাপন

Recommended For You