খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনী প্রধান

বাংলা রিডার ডেস্ক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন তিন বাহিনীর প্রধানরা—সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৯টা ২৭ মিনিটে আইএসপিআর এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সেনাপ্রধান রাত ৮টা ৫২ মিনিট থেকে ৯টা ৬ মিনিট পর্যন্ত হাসপাতালে ছিলেন। তিনি চিকিৎসকদের সঙ্গে খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে কথা বলেন।
এরপর রাত ৯টা ২ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত নৌবাহিনী প্রধান হাসপাতালে অবস্থান করেন এবং চিকিৎসা দলের সঙ্গে আলাপ করেন।
সর্বশেষ রাত ৯টা ২০ মিনিট থেকে ৯টা ৩৫ মিনিট পর্যন্ত সেখানে ছিলেন বিমানবাহিনী প্রধান।

৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ কিডনি, ফুসফুস, হৃদপিণ্ড ও চোখের জটিলতায় ভুগছেন। হৃদপিণ্ড ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর গত ২৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসা চালাচ্ছেন।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ২৭ নভেম্বর থেকে তিনি সিসিইউতে চিকিৎসাধীন এবং প্রদত্ত চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা পরিস্থিতি সার্বিকভাবে তদারক করছেন।

গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জাহিদ হোসেন বলেন, সবার দোয়া ও আশীর্বাদে খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশা করছেন। তিনি আরও জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত তথ্য বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও তিনি (জাহিদ) আনুষ্ঠানিকভাবে দেবেন।

বিদেশে নেওয়ার সম্ভাবনা বিষয়ে তিনি বলেন, যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞরা এসে অবস্থা পর্যালোচনা করবেন। চিকিৎসা প্রয়োজন হলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলে তাকে বিদেশে নেওয়া হবে; সব ধরনের প্রস্তুতিও রাখা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You