
বাংলা রিডার ডেস্ক
ইন্দোনেশিয়ার সাম্প্রতিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩১ জনে। এখনো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মালাক্কা প্রণালিতে বিরল একটি ঘূর্ণিঝড়ের প্রভাবে এই বন্যা দেখা দেয়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ, আর অন্তত ৫০০ জন এখনো নিখোঁজ।
ইন্দোনেশিয়ার পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাতেও ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে, যেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার আচেহ ও পশ্চিম সুমাত্রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এসব অঞ্চলের বহু মানুষ এখনো বিদ্যুৎ ও ইন্টারনেটবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
স্থানীয়দের অনেকেই বন্যাকে সুনামির মতো বেগবান বলে উল্লেখ করেছেন। আচেহর বাসিন্দা আরিনি আমালিয়া বিবিসিকে বলেন, “আমার দাদি এমন বন্যা কখনো দেখেননি। এটি ছিল সবচেয়ে ভয়াবহ।”
রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকর্মীরা মোটরসাইকেল ও পায়ে হেঁটে দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। অনেক এলাকাতেই এখনো খাদ্যসহায়তা পৌঁছায়নি। কেউ কেউ দুই–তিন দিন ধরে না খেয়ে আছেন বলে জানান বাসিন্দারা।
মধ্য তাপানুলির নারী মায়শান্তি বিবিসিকে বলেন, “সবকিছু ভেসে গেছে। খাবার শেষ হয়ে আসছে। এখন নুডলস নিয়েও লড়াই হচ্ছে। আমাদের জরুরি ভিত্তিতে খাবার ও চাল দরকার।”
সূত্র: বিবিসি


