এক সপ্তাহ পিছিয়ে ২৬ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল, ফাইনাল ২৩ জানুয়ারি

বাংলা রিডার ডেস্ক
বহু অনিশ্চয়তা ও আলোচনার পর শেষ পর্যন্ত পিছিয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। আগের ঘোষণামতে ১৯ ডিসেম্বর নয়, এবারের প্রতিযোগিতা শুরু হবে ২৬ ডিসেম্বর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ জানুয়ারি।

এবারের আসরে প্রথমবারের মতো দল পেয়েছে নোয়াখালী—ফ্র্যাঞ্চাইজিটির নাম রাখা হয়েছে ‘নোয়াখালী এক্সপ্রেস’। ছয়টি দলের নাম ও ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত হলেও শুরুর তারিখ নিয়ে শেষ মুহূর্তে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। বিদেশি লিগে থাকা কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে পাওয়া এবং ভালো মানের বিদেশি খেলোয়াড় নিশ্চিত করার স্বার্থে সূচি এক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল।

ভেন্যু নিয়েও ছিল নানা জটিলতা। রাজশাহীতে খেলা আয়োজনের প্রাথমিক চিন্তা থাকলেও বাস্তব কারণে তা সম্ভব হয়নি। এরপর চট্টগ্রামকে প্রথম ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু মাঠে পর্যাপ্ত পানি সরবরাহের অভাব এবং লবণাক্ত পানির কারণে ঘাস নষ্ট হওয়ার সমস্যা থাকায় শুরুতে খেলা আয়োজন করা যাচ্ছে না। এ সমস্যা সমাধানে গভীর নলকূপ ও লবণাক্ততা নিয়ন্ত্রণ যন্ত্র বসানোর কাজ চলছে।

সেই কারণেই উদ্বোধনী পর্ব সিলেটে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ বা ২৪ ডিসেম্বর ঢাকায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএল মাঠে গড়াবে। সিলেট পর্ব শেষে খেলা যাবে চট্টগ্রামে, এরপর পুরো আসরের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ঢাকায়।

বিপিএল গভর্নিং কাউন্সিলের জুম মিটিংয়ের পর এসব তথ্য জাগো নিউজকে জানিয়েছেন কাউন্সিলের সদস্য সচিব ও বিসিবি পরিচালক ইফতিখার রহমান মিঠু। তিনি বলেন, “দলগুলোর অনুরোধ ছিল ভ্রমণ কমানোর। তাই তিনটি ভেন্যুতেই খেলা সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ঢাকায় দুই দফায় খেলা আয়োজনের আগের পরিকল্পনা বাতিল করা হয়েছে।”

বিজ্ঞাপন

Recommended For You