
বাংলা রিডার ডেস্ক
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৬ নভেম্বর) তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সে এই অগ্নিকাণ্ড ঘটে।
ফরাসি সংবাদমাধ্যম এএফপি জানায়, কমপ্লেক্সটির অন্তত তিনটি বহুতল ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন লাগে। এরপর দ্রুত তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত এই আবাসিক কমপ্লেক্সে প্রায় দুই হাজার ফ্ল্যাট রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে মৃতদের মধ্যে ৪০ জন ঘটনাস্থলে এবং আরও চারজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। গুরুতর দগ্ধ অবস্থায় অন্তত ৪৫ জন হাসপাতালে ভর্তি আছেন।
এর আগের তথ্যে বলা হয়েছিল, ৩৬ জন মারা গেছেন এবং ২৭৯ জন নিখোঁজ। এতে করে আশঙ্কা করা হচ্ছে, চূড়ান্ত মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
অগ্নিকাণ্ডের ঘটনায় কনস্ট্রাকশন কোম্পানির তিন কর্মকর্তাকে আটক করেছে পুলিশ—যাদের মধ্যে দুজন পরিচালক এবং একজন পরামর্শক।
পুলিশ জানিয়েছে, আগুন ‘অস্বাভাবিক গতিতে’ ছড়িয়ে পড়ে, ফলে বহু মানুষ ভবন থেকে বের হতে পারেননি। তদন্তে ভবনের ভেতর পলিস্টাইরিনসহ দাহ্য পদার্থের উপস্থিতি পাওয়া গেছে, যা আগুন দ্রুত ছড়াতে সহায়তা করেছে। এছাড়া কমপ্লেক্সের নিরাপত্তা জাল, ক্যানভাস ও প্লাস্টিকের কভারগুলোর মান নিরাপত্তা মানদণ্ডে উত্তীর্ণ ছিল না।
সূত্র: বিবিসি, সিএনএন


