ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত

বাংলা রিডার ডেস্ক

ঢাকায় আবারও ভূমিকম্প হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেল ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রাজধানীতে এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৭ এবং গভীরতা মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তি ছিল ঢাকা থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-উত্তরপূর্বে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ৩.৭ মাত্রার এ ভূমিকম্পটির কেন্দ্র ছিল রাজধানীর বাড্ডা এলাকায় এবং এটি মৃদু শ্রেণির কম্পন। আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, ভূমিকম্পটি ঢাকা রিজিওনের বাড্ডা এলাকায় উৎপন্ন হয়।

অন্যদিকে, মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, তাদের পরিমাপে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৩ এবং উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটেও রাজধানী ও আশপাশে ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩ এবং কেন্দ্র ছিল নরসিংদীর পলাশ উপজেলায়।

তারও আগে, শুক্রবার (২১ নভেম্বর) ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। এতে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকায়।

বিজ্ঞাপন

Recommended For You