
বাংলা রিডার ডেস্ক
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যা দেশের গণতন্ত্রের পুনঃসূচনা হিসেবে ভূমিকা রাখবে। এই নির্বাচনের সাক্ষী হতে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক অংশ নেবেন বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ইসি সানাউল্লাহ জানান, অংশীদার সংস্থাগুলোর অনুরোধে স্থানীয় পর্যবেক্ষকদের বয়সসীমা কমানো হয়েছে। তবে তাদের অভিজ্ঞতার ঘাটতি পূরণে আরও প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কর্মশালায় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা অংশ নেন এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দল, প্রার্থী, পুলিশ, গণমাধ্যমসহ সব অংশীজনের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
এ ছাড়া প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর অনলাইন প্রচারণা চালানোর ক্ষেত্রে বাধ্যতামূলক নিবন্ধনপ্রক্রিয়া চালুর প্রস্তাবও তুলে ধরেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।



