সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ : সিইসি

বাংলা রিডার ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব রাজনৈতিক দলের সহযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে তিনি বলেন, “একটি সুন্দর নির্বাচন জাতির প্রতি সব দলেরই অঙ্গীকার, আর নির্বাচন কমিশনও দেশের মানুষকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ওয়াদাবদ্ধ।”

সিইসি জোর দিয়ে আরও বলেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনই সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের মূল শর্ত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নির্বাচনে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “দলগুলো আন্তরিকভাবে কাজ করলে কমিশনকে অতিরিক্ত চাপ নিতে হয় না।”

ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। দলগুলো তাদের কর্মীদের মাধ্যমে ভোটারদের কেন্দ্রমুখী করতে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন।

সিইসি জানান, গত বছরের ২৪ নভেম্বর শপথ গ্রহণের পর থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হয়েছিল। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন (ইআরএসসি) কাজ করায় পূর্ণাঙ্গ আলোচনা কিছুটা বিলম্বিত হয়। সংস্কার কমিশনের কার্যক্রম শেষ হওয়ায় এখন সেই আলোচনার সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর লিখিত মতামত ও ইআরএসসির সুপারিশ পর্যালোচনা করে আচরণবিধি চূড়ান্ত করা হয়েছে। তবে তারচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আচরণবিধির বাস্তব প্রতিপালন।

গত ১০–১৫ বছরে ভোটারদের মধ্যে ভোটবিমুখতা তৈরি হয়েছে উল্লেখ করে সিইসি বলেন, জাতীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক কর্মীদের জনগণকে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

তিনি শেষে বলেন, “রাজনৈতিক দল, ভোটার, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা বাহিনী—সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা জাতিকে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।”

বিজ্ঞাপন

Recommended For You