জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

বাংলা রিডার ডেস্ক
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ড থেকে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

সম্প্রতি জুলাই জাতীয় সনদ ইস্যুতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শরিক রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে। জামায়াতে ইসলামীসহ আটটি দল সনদ বাস্তবায়নের আদেশ ও গণভোটের দাবিতে রাজপথে আন্দোলন করছে। অন্যদিকে বিএনপিসহ কয়েকটি দল এই দাবিকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করে আন্দোলনকে নির্বাচনের সময়সূচি বিলম্বিত করার কৌশল হিসেবে দেখছে। বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়ে আসছে।

এদিকে বৃহস্পতিবারই নির্ধারিত রয়েছে জুলাই গণহত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণার তারিখ। দিনটিকে ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এরই মধ্যে ঢাকাসহ বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নাশকতার ঘটনা ঘটেছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এসব ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন ক্যাডারকে আটক করা হয়েছে।

এমন উত্তেজনাপূর্ণ ও সংকটময় প্রেক্ষাপটে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

Recommended For You