যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননে ফের ইসরায়েলের হামলা, নিহত অন্তত দুইজন

বাংলা রিডার ডেস্ক
যুদ্ধবিরতি চুক্তি উপেক্ষা করে দক্ষিণ লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন।

২০২৪ সালের নভেম্বর মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের এই আক্রমণকে চুক্তিভঙ্গ হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনার পর লেবাননজুড়ে ক্ষোভ আরও বেড়েছে।

সোমবার (১০ নভেম্বর) টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়, রোববার বিনত জবাইল অঞ্চলের আল-সাওয়ানে ও খিরবেত সেলেম এলাকার মাঝামাঝি স্থানে এক হামলায় একজন নিহত হন। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, ওই এলাকায় একটি পিকআপ ট্রাককে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এছাড়া, নাবাতিয়ের ইকলিম আল-তুফাহ অঞ্চলের হুমাইন আল-ফাওকা–হামিলা সড়কে এক গাড়িতে চালানো আরেক হামলায় আরও একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

এনএনএর প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি ড্রোন বর্তমানে টায়ার জেলা, নাবাতিয়ে প্রদেশ, ইকলিম আল-তুফাহ এবং বিনত জবাইল অঞ্চলের আকাশে নিচু দিয়ে টহল দিচ্ছে।

এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ লেবাননে উত্তেজনা ক্রমেই বাড়ছে। প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনারা সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণ চালাচ্ছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলের এই সামরিক অভিযান ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। এখন পর্যন্ত এই আগ্রাসনে ৪ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় ১৭ হাজার আহত হয়েছেন।

বিজ্ঞাপন

Recommended For You