চট্টগ্রামে বিএনপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় সরকারের নিন্দা

বাংলা রিডার ডেস্ক:
চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বুধবার (৫ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে—এরশাদ উল্লাহ সরাসরি হামলার লক্ষ্যবস্তু না হলেও, একটি গুলির আঘাতে তিনি আহত হয়েছেন। সরকার তার দ্রুত সুস্থতা কামনা করেছে এবং ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

সরকার এই ফৌজদারি ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার অটুট।

প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা বা ভয়ভীতির কোনো স্থান নেই। সিএমপি ইতোমধ্যে হামলাকারীদের শনাক্তে তল্লাশি অভিযান শুরু করেছে।

অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল, নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সঙ্গত পরিবেশে সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতির শেষে বলা হয়, সারা দেশে অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণে সরকার বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

Recommended For You