
বাংলা রিডার ডেস্ক
নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি জানান, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ২২ দলের ওপর তদন্ত সম্পন্ন হয়। তদন্ত শেষে সাতটি দল কোয়ালিফাই করতে পারেনি। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির বিষয়ে আদালতের রায় পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ইসি সচিব আরও বলেন, বাকি দলগুলোর পুনঃতদন্ত শেষে তিনটি দল—বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আগামীকাল (বুধবার) পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দাবি ও আপত্তি আহ্বান করে। এসব নিষ্পত্তির পর চূড়ান্তভাবে নিবন্ধনের সনদ দেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।



