জাকির নায়েকের সফর নিয়ে ভারতের মন্তব্যে বাংলাদেশের জবাব

বাংলা রিডার ডেস্ক:
বিশিষ্ট ইসলামী বক্তা ডা. জাকির নায়েকের চলতি মাসের শেষ দিকে ঢাকায় আগমন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের মন্তব্যের জবাব দিয়েছে বাংলাদেশ সরকার।

বর্তমানে মালয়েশিয়ায় অবস্থানরত জাকির নায়েক আগামী ২৮ ও ২৯ নভেম্বর ঢাকায় একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে। তবে তাঁর সফর ঘিরে নয়াদিল্লি উদ্বেগ প্রকাশ করেছে এবং দাবি করেছে, নায়েক ঢাকায় পৌঁছালে যেন তাঁকে ভারতের হাতে তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামি আলেমের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে যে মন্তব্য করেছেন, তা আমাদের নজরে এসেছে।”

তিনি আরও বলেন, “আমরাও বিশ্বাস করি—কোনো দেশ যেন অন্য দেশের অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় না দেয়। তবে এই মুহূর্তে ডা. জাকির নায়েকের সফর নিয়ে আমাদের কাছে ভারতের কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।”

এর আগে গত ৩০ অক্টোবর এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “জাকির নায়েক একজন পলাতক আসামি, যিনি ভারতে ওয়ান্টেড। আমরা আশা করি, তিনি যেখানেই যান না কেন, সংশ্লিষ্ট দেশ তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং আমাদের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব দেবে।”

ডা. জাকির নায়েকের ঢাকায় আগমন নিয়ে সামাজিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। অনেকেই বলছেন, ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে তাঁর এই সফর বাংলাদেশ-ভারত সম্পর্কের নতুন এক কূটনৈতিক পরিস্থিতি তৈরি করতে পারে।

বিজ্ঞাপন

Recommended For You