
বাংলা রিডার ডেস্ক
লিওনেল মেসি কি ২০২৬ বিশ্বকাপে খেলবেন এই প্রশ্নটাই এখন ফুটবলপ্রেমীদের সবচেয়ে বড় কৌতূহলের বিষয়। ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পর থেকে এই আলোচনা চলছেই। যদিও মেসি এ নিয়ে কখনো নিশ্চিত কিছু বলেননি, তবে এবার তিনি নিজেই জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বিশ্বকাপে খেলতে চান।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামি তারকা বলেন, “বিশ্বকাপে খেলা সব সময়ই অসাধারণ অভিজ্ঞতা। আমি সেখানে থাকতে চাই। যদি থাকি, তাহলে জাতীয় দলের সাফল্যে বড় ভূমিকা রাখতে চাই।”
মেসি আরও যোগ করেন, “আগামী বছর ইন্টার মায়ামির সঙ্গে প্রাক-মৌসুমের প্রস্তুতি শুরু করলে প্রতিদিন নিজের অবস্থা পর্যবেক্ষণ করব, আমি শতভাগ ফিট কি না। কারণ, সবকিছুই নির্ভর করছে ফিটনেসের ওপর। আমরা আগের বিশ্বকাপটা জিতেছি, আর সেটা ধরে রাখার সুযোগ পাওয়া হবে দারুণ ব্যাপার। জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো।”
আগেও মেসি বলেছিলেন, জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত তিনি নেবেন নিজের শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে। সাম্প্রতিক এক প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে হারানোর পরও তিনি বলেন,
“আমি সব সময় নিজের সঙ্গে সৎ থাকার চেষ্টা করি। শরীর ভালো না থাকলে ফুটবল উপভোগ করতে পারি না। তাই নিজের ফিটনেস অনুযায়ী সিদ্ধান্ত নেব।”
মেসি বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন। ইন্টার মায়ামির হয়ে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমে ২৮ ম্যাচে করেছেন ২৯ গোল, জিতেছেন গোল্ডেন বুট পুরস্কার। পাশাপাশি ২০২৫ সালের এমএলএস এমভিপি (সর্বোচ্চ মূল্যবান খেলোয়াড়) পুরস্কারের ফাইনালিস্টও তিনি।
এই মুহূর্তে অবশ্য মেসির মনোযোগ এমএলএস কাপ জয়ে। ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৩–১ গোলে জিতেছে ইন্টার মায়ামি। আগামী ২ নভেম্বরের দ্বিতীয় ম্যাচে জয় পেলেই দলটি নিশ্চিত করবে সেমিফাইনালের টিকিট।



