
বাংলা রিডার ডেস্ক
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ দ্রুত উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি গত ছয় ঘণ্টায় দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন পশ্চিম-মধ্য এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৭ কিলোমিটার বেগে স্থলভাগের দিকে এগোচ্ছে।
সর্বশেষ আইএমডি বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া ও কলিঙ্গপত্তনম উপকূলের মধ্যবর্তী অঞ্চলে আছড়ে পড়তে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যা দমকা হাওয়ায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
আইএমডি আরও জানিয়েছে, মঙ্গলবার সকাল নাগাদ ‘মোন্থা’ একটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এর প্রভাবে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, বন্ধ ঘোষণা করা হয়েছে বহু স্কুল ও ট্রেন চলাচল।
অন্ধ্রপ্রদেশে মঙ্গলবার ও বুধবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কা থাকায় রাজ্যজুড়ে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলেছেন। বিশাখাপত্তনমসহ বেশ কয়েকটি জেলায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ও কন্ট্রোল রুম।
তামিলনাড়ু উপকূলে ইতোমধ্যে ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। রাজধানী চেন্নাই ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জানিয়েছেন, প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এদিকে তেলঙ্গানার কয়েকটি জেলা ও কর্নাটকের উপকূলীয় অঞ্চলেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম এলাকায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে এবং বিমান চলাচলেও বিঘ্ন ঘটার আশঙ্কায় সতর্কতা জারি করেছে ইন্ডিগো এয়ারলাইন্স।
ওড়িশার উপকূলবর্তী গজপতি জেলাসহ আটটি জেলায় মোতায়েন করা হয়েছে উদ্ধারকারী দল। ইতিমধ্যে সেখানে ভারী বৃষ্টি শুরু হয়েছে এবং স্থানীয়দের সমুদ্র উপকূল থেকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


