মালয়েশিয়া থেকে শুরু ট্রাম্পের এশিয়া সফর

বাংলা রিডার ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তার এশিয়া সফর শুরু করেছেন। রবিবার তিনি মালয়েশিয়ায় পৌঁছান এবং আসিয়ান সম্মেলনে অংশ নেন। এরপর তিনি জাপান ও দক্ষিণ কোরিয়া সফর করবেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের বৈঠক, যেখানে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের অবসান নিয়ে আলোচনা হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

ওয়াশিংটন ছাড়ার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি আশাবাদী যে চীন নতুন বাণিজ্য চুক্তিতে রাজি হবে, যা আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হতে যাওয়া অতিরিক্ত ১০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত ঠেকাতে সহায়ক হতে পারে।

মালয়েশিয়ায় ট্রাম্প আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দেশটির সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছেন। একই সফরে তার মধ্যস্থতায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়—যা দুই দেশের দীর্ঘস্থায়ী সীমান্তসংঘাত নিরসনে সহায়ক হবে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, “আমরা মালয়েশিয়ায় পৌঁছেই শান্তিচুক্তিতে সই করেছি।”

সফরের পরবর্তী ধাপে সোমবার ট্রাম্প যাবেন জাপানে, যেখানে তিনি নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। তাকাইচিকে “চমৎকার নেতা” বলে মন্তব্য করে ট্রাম্প বলেন, তিনি সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ সহযোগী, যা যুক্তরাষ্ট্র–জাপান সম্পর্কের জন্য ইতিবাচক সংকেত।

এরপর ট্রাম্প বুধবার দক্ষিণ কোরিয়ার বন্দরনগরী বুসানে পৌঁছাবেন এবং সেখানে এপেক সম্মেলনে অংশ নেবেন। বৃহস্পতিবার তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। এটি হবে ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর শি জিনপিংয়ের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠক, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

সম্প্রতি চীনের দুর্লভ খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ ইস্যুতে উত্তেজনা বৃদ্ধির পর ট্রাম্প বৈঠক বাতিলের হুমকি দিয়েছিলেন এবং অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। তবে পরবর্তীতে আলোচনায় রাজি হন তিনি।

সূত্র: রয়টার্স, আল-জাজিরা, সিএনএন

বিজ্ঞাপন

Recommended For You