যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী গণবিক্ষোভ, রাস্তায় লাখো মানুষ

বাংলা রিডার ডেস্ক
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একনায়কসুলভ নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়েছে গণবিক্ষোভ। “নো কিংস” নামে আয়োজিত এই আন্দোলনে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, শিকাগো, মায়ামিসহ বিভিন্ন শহরে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন।

রোববার (১৯ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকাল থেকেই এই শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু হয়, যা দ্রুতই জনস্রোতে রূপ নেয়। টাইমস স্কয়ার, সেভেন্থ অ্যাভিনিউসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলো ছিল জনারণ্যে পূর্ণ।

বিক্ষোভকারীদের হাতে ছিল নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড— যেমন “গণতন্ত্র, রাজতন্ত্র নয়” এবং “সংবিধান ঐচ্ছিক নয়”। আয়োজকরা জানান, ‘নো কিংস’ আন্দোলন অহিংস নীতিতে বিশ্বাসী এবং সংঘাত এড়ানোর দিকেই জোর দেওয়া হয়েছে।

নিউইয়র্ক পুলিশ জানায়, শহরে প্রায় এক লাখ মানুষ বিক্ষোভে অংশ নিলেও কোনো সহিংসতা বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি। টাইমস স্কয়ারে একজন পুলিশ কর্মকর্তা জানান, শুধু সেভেন্থ অ্যাভিনিউতেই মিছিলে অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ।

লেখক ও সম্পাদক বেথ জাসলফ বলেন, “ট্রাম্পের স্বৈরশাসনের প্রবণতা গভীর উদ্বেগজনক। আজকের এই ঐক্যবদ্ধ প্রতিবাদ আমাদের আশা জাগায়।”

বিবিসির মতে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই নির্বাহী ক্ষমতা ব্যাপকভাবে ব্যবহার করছেন। কংগ্রেস অনুমোদিত তহবিল আটকে দেওয়া, ন্যাশনাল গার্ড মোতায়েন, উচ্চ শুল্ক আরোপসহ নানা পদক্ষেপ নিয়ে তিনি সমালোচনার মুখে পড়েছেন।

যদিও ট্রাম্প এসব অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন, তার পদক্ষেপগুলো যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনের জন্য প্রয়োজনীয়। তবে সমালোচকরা সতর্ক করছেন— এসব পদক্ষেপ দেশের সংবিধান ও গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

বিজ্ঞাপন

Recommended For You