
বাংলা রিডার ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ।
তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
এর আগে, শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে কার্গো ভিলেজের আমদানি পণ্য সংরক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঢাকার বিমানবাহিনী ঘাঁটি ‘বীর উত্তম এ কে খন্দকার’ এবং ‘বাশার’ ঘাঁটি থেকে প্রশিক্ষিত অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস, সিভিল অ্যাভিয়েশন এবং বিমান বাহিনীর দুটি অগ্নি নির্বাপন ইউনিট সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ সতর্কতা ও প্রচেষ্টা নেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।



