
বাংলা রিডার ডেস্ক
আর্জেন্টিনার হয়ে আরও একটি মাইলফলক ছুঁয়ে গেলেন লিওনেল মেসি। পুয়ের্তো রিকোর বিপক্ষে ৬-০ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ফুটবলে পুরুষদের মধ্যে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
এই ম্যাচে করা দুটি অ্যাসিস্টে মেসির আন্তর্জাতিক অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ালো ৬০। এদিকে নেইমার ও ল্যান্ডন ডোনাভান—দুজনেরই ছিল ৫৮টি করে অ্যাসিস্ট। রেকর্ডটি ভেঙে এগিয়ে গেলেন মেসি।
এ জয় শুধু রেকর্ডের কারণেই নয়, স্কোরলাইনেও ছিল আর্জেন্টিনার দাপট। চেজ স্টেডিয়ামে (ইন্টার মায়ামির হোম গ্রাউন্ড) খেলোয়াড়রা যেন রীতিমতো গোল উৎসবই করলেন। মেসি নিজে গোল না করলেও, আলেক্সিস ম্যাক অ্যালিস্তার ও লাউতারো মার্তিনেসকে দিয়ে গোল করিয়ে ম্যাচে বড় ভূমিকা রাখেন। বাকি গোল আসে গনসালো মন্তিয়েল ও একটি আত্মঘাতী গোল থেকে।
২০০৬ বিশ্বকাপে নিজের প্রথম আন্তর্জাতিক অ্যাসিস্ট করার পর থেকে মেসি ধীরে ধীরে শুধু গোলদাতা নয়, অসাধারণ প্লে-মেকার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এদিন তার নিখুঁত পাসিং ও কৌশল আরও একবার সেটাই প্রমাণ করল।
আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল র্যাঙ্কিংয়ে ১৫৫তম স্থানে থাকা পুয়ের্তো রিকো, যাদের অনেক খেলোয়াড়ই কলেজ ফুটবল খেলে থাকেন। শুরুতে একটি সুযোগ নষ্ট করলেও ম্যাচজুড়েই আর্জেন্টিনার নিয়ন্ত্রণ ছিল স্পষ্ট। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ একমাত্র সুযোগটিও ঠেকিয়ে দেন।
সব মিলিয়ে মেসির ক্যারিয়ারে এখন ১,১২৯ ম্যাচে ৩৯৭টি অ্যাসিস্ট। মাত্র তিনটি অ্যাসিস্ট দূরে রয়েছেন ৪০০-এর ঐতিহাসিক মাইলফলক থেকে।
আপাতত মেসি ফিরে যাবেন তার ক্লাব ইন্টার মায়ামিতে, যেখানে রোববার ন্যাশভিল এসসির বিপক্ষে খেলবেন মেজর লিগ সকারে।



