
বাংলা রিডার ডেস্ক:
২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার (১০ অক্টোবর) নরওয়েভিত্তিক নোবেল কমিটি এ বছরের বিজয়ীর নাম ঘোষণা করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেলের জন্য মনোনয়ন পেয়েছিলেন এবং আলোচনাতেও ছিলেন, তবে শেষ পর্যন্ত পুরস্কার জিতেছেন মারিয়া কোরিনা।
নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, “ভেনেজুয়েলার স্বৈরশাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব এবং সাহসিকতার জন্য মারিয়াকে এ পুরস্কার দেওয়া হয়েছে।”
মারিয়া কোরিনা দেশটির বিরোধী রাজনীতির কেন্দ্রীয় মুখ। গণতান্ত্রিক অধিকার রক্ষায় তার দৃঢ় অবস্থান এবং ‘বুলেট নয়, ব্যালট’ স্লোগানে তিনি জনসমর্থন অর্জন করেন। শাসকগোষ্ঠী তার প্রার্থিতা বাতিল করলেও তিনি দলমত নির্বিশেষে ঐক্য গড়ার ডাক দেন এবং অন্য প্রার্থীকে সমর্থন জানান। এতে হাজার হাজার স্বেচ্ছাসেবক একত্রিত হয়ে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করে।
নোবেল কমিটি আরও জানায়, মারিয়ার নেতৃত্বে বিরোধী জোট এবং সাধারণ জনগণ দমন-পীড়নের মুখেও ভোটাধিকার রক্ষায় একজোট হয়েছে। এই আন্দোলন শুধু ভেনেজুয়েলাতেই নয়, বরং গোটা লাতিন আমেরিকার জন্যই এক সাহসিকতার দৃষ্টান্ত।
এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য ৩৩৮টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠন মনোনয়ন পেয়েছিল।
উল্লেখ্য, গত বছর শান্তিতে নোবেল পেয়েছিল জাপানের ‘নিহন হিদানকিও’ নামক সংগঠন, যারা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণে কাজ করে। আর ইতিহাসে সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পান পাকিস্তানের মালালা ইউসুফজাই (১৭ বছর বয়সে, ২০১৪ সালে)। এখন পর্যন্ত মোট ৩১টি প্রতিষ্ঠান এ পুরস্কার পেয়েছে।


