
বাংলা রিডার ডেস্ক
চাঁদপুর জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। জুন ২০২৫ নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে ৩৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে।
এ পদে আবেদন করেছিলেন মোট ৯১০ জন প্রার্থী। তিন দিনব্যাপী মাঠ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৫৭ জন। লিখিত পরীক্ষায় পাস করেন ৪২ জন, যাদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়। সবধরনের যাচাই-বাছাই শেষে ৩৪ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। অতিরিক্তভাবে আরও ৫ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা, সঠিকতা এবং মেধার ভিত্তিতে পরিচালিত হয়েছে। এ বিষয়ে নিশ্চিত করেছেন চাঁদপুরের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব, পিপিএম।


