নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রশ্নে হাইকোর্টের রুল

বাংলা রিডার ডেস্ক
জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে নির্বাচনী বিধিমালা ও আইন সংশোধন করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছেন আদালত।
সুপ্রিম কোর্টের এক আইনজীবীর করা রিটে সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি বলেন, আমাকে রিপ্রেজেন্ট যে মানুষটা করবে তাকে অবশ্যই মাদকমুক্ত হতে হবে। সরকারি চাকরির জন্য এই নিয়মটা আছে, পুলিশের জন্য এই নিয়মটা আছে।
তাহলে আমি ট্যাক্সপেয়ার, আমাকে রিপ্রেজেন্ট করতেছে একজন মেম্বার অব পার্লামেন্ট, আমাকে রিপ্রেজেন্ট করতেছে এলাকার চেয়ারম্যান, মেম্বার-তারা যদি মাদকাসক্ত হয়, তাহলে তো আমাকে ভালোভাবে তারা রিপ্রেজেন্ট করতে পারবে না। জনগণের অধিকারটা আদায় করতে পারবে না।
সেজন্যই ডোপ টেস্ট বাধ্যতামূলক করা উচিত। আমরা চাই, আমাদের রিপ্রেজেন্ট যে করবে সে সুস্থ, স্বাভাবিক, সাউন্ড মাইন্ডের মানুষ হবে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালকসহ মোট ৭ জনকে বিবাদী করা হয়েছে।

বিজ্ঞাপন

Recommended For You