
বাংলা রিডার ডেস্ক
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানিয়েছেন।
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান নিয়ে চলতি বছরের ২ মে শুরু হয় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতা। এবারের আসরের প্রতিপাদ্য ছিল, ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’।
অনুষ্ঠানে যোগ দিতে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান আর্মি স্টেডিয়ামের পুরো মাঠ প্রদক্ষিণ করেন এবং গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের অভিবাদনের জবাব দেন। পরে তিনি শিশু-কিশোরদের কাছে গিয়ে তাদের সঙ্গে কুশলবিনিময় ও হাত মেলান। এ সময় উপস্থিত স্কুলশিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।
প্রধানমন্ত্রী খুদে ক্রীড়াবিদদের বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালিকা ও বালকদের ১০০ মিটার স্প্রিন্ট মাঠে বসে উপভোগ করেন। খেলা শেষে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুলশিক্ষার্থীদের মনোজ্ঞ ডিসপ্লেও উপভোগ করেন।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র প্রথম আসরের যাত্রা শুরু হয়। এরপর উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরবর্তীসময়ে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।



