বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন

বাংলা রিডার ডেস্ক
বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করতে প্রস্তুত চীন। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে ইয়াও ওয়েন বাংলাদেশ-চীন সম্পর্ক উন্নয়ন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা এগিয়ে নিতে দীর্ঘদিনের সহযোগিতা ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকার চীনা দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে নির্বিঘ্নভাবে দায়িত্ব পালনে সমর্থন করে চীন।

বাংলাদেশ চীনের বিশ্বস্ত বন্ধু, প্রতিবেশী ও অংশীদার-উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, নতুন যুগে দুই দেশের অভিন্ন ভবিষ্যৎ সমৃদ্ধ করতে কৌশলগত যোগাযোগ আরও জোরদার এবং বাস্তব সহযোগিতা আরও গভীর করতে চীন প্রস্তুত রয়েছে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন সম্পর্ক ও দ্বিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের অবদানের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে বাংলাদেশ-চীন সম্পর্ককে এগিয়ে নিতে আগ্রহী।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন শেষে বিদায় নিচ্ছেন।

বিজ্ঞাপন

Recommended For You