যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান, চায় স্থায়ী সমাধান

বাংলা রিডার ডেস্ক
যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির অবস্থান—অস্থায়ী যুদ্ধবিরতি নয়, বরং স্থায়ীভাবে সংঘাতের অবসানই তাদের প্রধান লক্ষ্য।

মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের বার্তাসংস্থা ইরনা জানায়, মার্কিন প্রস্তাব নাকচ করে ইরান কিছু শর্ত উপস্থাপন করেছে, যার মধ্যে অন্যতম হলো স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের নিশ্চয়তা।

সংবাদমাধ্যম আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল ইরানের রাজধানী তেহরান থেকে বলেছেন, “ইরান মূলত বলছে যুদ্ধবিরতি বর্তমান সমস্যার সমাধান করবে না।”

“(ইরানের কাছে) যুদ্ধবিরতির অর্থ হলো আরও প্রস্তুতি, মার্কিনি ও ইসরায়েলিদের জন্য আরও সময়। যারা যুদ্ধবিরতির পর এই যুদ্ধের আরও ধ্বংসাত্মক পর্ব শুরু করবে। এ কারণে ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।”

তিনি আরও বলেছেন, “ইরান আরও বিস্তৃর্ণ শান্তি চুক্তি চায়। এতে পুরো অঞ্চল থাকবে। যার অর্থ লেবানন, ইয়েমেন, ইরাক এবং ইরানসহ সব জায়গায় হামলা বন্ধ হবে। এবং তাদের গ্যারান্টি দেওয়া হবে ইরানে ভবিষ্যতে কোনো হামলা হবে না। তাদের ওপর আর কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে না।”

“ইরানিরা বলছে তারা এ যুদ্ধে ইতিমধ্যেই অনেক দাম দিয়েছে। এত দাম দিতে হয়েছে তাদের অবকাঠামোর ব্যাপক ক্ষতি করায়।”

“আর এ মুহূর্তে তাদের এ ক্ষতির ক্ষতিপূরণ দিতে পারে নতুন একটি ব্যবস্থা। সেটি হলো হরমুজ প্রণালিতে টোল আদায়। এই টোল দিয়ে তারা আবারও দেশ পুনর্গঠন করতে পারবে।”— যোগ করেন আলজাজিরার এ সাংবাদিক।

সূত্র: আলজাজিরা

বিজ্ঞাপন

Recommended For You